আইন আদালত

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তিতে বাধা নেই: হাইকোর্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তিতে বাধা নেই: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল খারিজ করে দেওয়ায় চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ–এর একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে একই বিষয়ে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত রায় আসে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করলেও, জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তিকে বৈধ বলে মত দেন। পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিচারপতি জাফর আহমেদ–এর একক বেঞ্চে পাঠানো হয়।

গত ২৫ নভেম্বর রুলের শুনানি শেষ হয় এবং আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসরণ করে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে না।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম–এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদনটি করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

রিট আবেদনের সঙ্গে গত বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়।