আইন আদালত

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ব্যারিস্টার সুমন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ব্যারিস্টার সুমন
আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা আরও দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার করা জামিন আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে, গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশও প্রদান করেন আদালত।

আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। ওই সময় ব্যারিস্টার সুমনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।”

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং একটি রুল জারি করেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে।