আইন আদালত

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই: হাইকোর্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নির্বাচনের আগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

তবে এই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। ঋণখেলাপির অভিযোগ তুলে তিনি লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। এর ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় পেলেও তার ফল গেজেট আকারে প্রকাশিত হয়নি এবং তিনি শপথ নিতে পারেননি।

পরবর্তীতে গত ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ওই আপিলের শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় হাইকোর্ট রুল নিষ্পত্তি করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো।

অন্যদিকে, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবারও আপিল করবেন বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।