আইন আদালত

২০২৬ বিশ্বকাপ উন্মাদনায় ১১ মৃত্যু, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

২০২৬ বিশ্বকাপ উন্মাদনায় ১১ মৃত্যু, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও উচ্চ শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটে জানতে চাওয়া হয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে সর্বসাধারণের জন্য খেলা প্রদর্শন ও উদযাপনের সময় আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিট আবেদনের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাতে আতশবাজি ও উচ্চ শব্দে উদযাপনের কারণে শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ঘুম ব্যাহত হচ্ছে। এ কারণেই জনস্বার্থে রিটটি করা হয়েছে।

রিটের সঙ্গে সংযুক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে দেশে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এ পর্যন্ত অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেখানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেখানে ডিবি পুলিশের নজরদারি থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, খেলাধুলা বিনোদনের অংশ এবং এতে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। কিন্তু সমাজে সেই মানসিকতা গড়ে ওঠেনি। তার মতে, এটি শুধু খেলাধুলায় নয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতির অভাবের প্রতিফলন।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত ১০ জনের বাইরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ জুলাই) রাতে।