আইন আদালত

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে বিক্রিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের ভিত্তি হিসেবে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সাম্প্রতিক গবেষণার তথ্য উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

‘মাইক্রোপ্লাস্টিকস ইন টুথপেস্ট: সায়েন্টিফিক এভিডেন্স ফর পলিসি অ্যান্ড রেগুলেটরি অ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা এতে পরীক্ষা করা হয়।

গবেষণায় দেখা যায়, দেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ভারতের পাঁচটির মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুটির মধ্যে একটিতে এবং ভিয়েতনামের দুটি নমুনার দুটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লোরাইড জেল’-এ, যেখানে প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা শনাক্ত হয়েছে। এছাড়া ‘ক্লোজআপ রেড হট’, ‘ক্লোজআপ মেন্থল ফ্রেশ’, ‘সিগন্যাল গ্রিন টি’, ‘পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট’, ‘হিমালয়া কমপ্লিট কেয়ার’সহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডেও বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।

অন্যদিকে গবেষণায় আটটি টুথপেস্টে শনাক্তযোগ্য মাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এগুলোর মধ্যে রয়েছে ‘প্যারোডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার’, ‘জেনফ্রেশ’, ‘সেনসোডাইন ফ্রেশ জেল’, ‘কোলগেট অ্যাকটিভ সল্ট’, ‘কোলগেট ম্যাক্সফ্রেশ’ এবং শিশুদের জন্য তৈরি ‘প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো)’ ও ‘কোডোমো (অরেঞ্জ)’।

গবেষকরা বলছেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করে। তাদের মতে, টুথপেস্টে কোনোভাবেই মাইক্রোপ্লাস্টিক থাকা উচিত নয়। তাই এ বিষয়ে কার্যকর নীতিমালা ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।