আইন আদালত

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, হাজির করা হচ্ছে আদালতে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, হাজির করা হচ্ছে আদালতে
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তদন্ত সংস্থার একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে অভিবাসন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নেন। বর্তমানে আলোচিত এ হত্যা মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ।

১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর থেকেই এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করেছে। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এক প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদন তার পরিবার ও ভক্তরা প্রত্যাখ্যান করেন।

ঘটনার প্রায় ২৯ বছর পর গত বছর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে পরিচালনার নির্দেশ দেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

পরে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মা নীলা চৌধুরী হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যার অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।