আইন আদালত
সালমান শাহ হত্যা মামলায় কারাগারে খলনায়ক ডন
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে তাকে জামিন না দিয়ে জেলহাজতে রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির আবেদনে বলা হয়, ডনকে জামিন দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি আবার পলাতক হতে পারেন। এ কারণে তাকে কারাগারে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গত বছরের ২১ অক্টোবর মামলার পর থেকেই ডন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর তিনি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টা করেন। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তিনি ধরা পড়েন।
আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। জামিন পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বর্তমানে আলোচিত এ মামলার তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ইতোমধ্যে আটবার পেছানো হয়েছে। সবশেষ আগামী ৩০ আগস্ট নতুন করে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত।