আইন আদালত
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসউদ। তাঁর হলফনামার তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যেও তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সংকট দেখা দিলে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন।