আইন আদালত

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, বাইকচালক মুবিনের জামিন মেলেনি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, বাইকচালক মুবিনের জামিন মেলেনি
ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী রবিউল আলম জুয়েল জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি দাবি করেন, মুবিন সম্পূর্ণ নির্দোষ। তার কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না। আবেগবশত প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই যেকোনো শর্তে তার জামিনের আবেদন জানান আইনজীবী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মুবিনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রবেশের অভিযোগে মুবিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মামলায় গ্রেফতারের পর ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান মুবিনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠান। পরে ৭ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ সেপ্টেম্বর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থানার মনিপুরীপাড়ায় কেআইবি মিলনায়তনের সামনে থেকে মুবিনকে গ্রেফতার করা হয়। ওই সময় সেখানে ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও তখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, মুবিন অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আলোচনা সভা বানচালের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের সময় মুবিনের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি মুঠোফোন ও কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে।