আইন আদালত
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন করে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার ১৩ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগগুলো যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ।
তিনি জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আগে থেকেই অনুসন্ধান চলছে। নতুন করে পাওয়া অভিযোগগুলোও যাচাই বাছাই করেছে কমিশন। এরপর সেগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের অনুসন্ধানের সঙ্গে নতুন অভিযোগগুলো যুক্ত করে তদন্ত করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, নতুন অভিযোগগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদায়নে বাণিজ্য এবং বিভিন্ন সিটি করপোরেশনের দরপত্র থেকে কমিশন নেওয়ার অভিযোগও করা হয়েছে।
নতুন অভিযোগের তালিকায় বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন।
নতুন অভিযোগগুলো আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে দুদক।