আইন আদালত

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস, আপত্তি নেই জামিনে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস, আপত্তি নেই জামিনে
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন নিহত মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

ঢাকা মহানগর আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মাহবুবুর রহমান জানান, বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসার পর মরিয়মের বাবা হলফনামা দিয়েছেন। তিনি আদালতে জানিয়েছেন, দুই আসামিকে জামিন দেওয়া হলে তার কোনো আপত্তি নেই। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি।

এর আগে দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে মাঝে মাঝে শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো।

তদন্তে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছিল পুলিশ।

এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে অপরাধ তদন্ত বিভাগের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পরে রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। মাকছুদাও এক দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।