লাইফস্টাইল
আগুনে শরীর পুড়ে গেলে কী করবেন? করণীয় জেনে নিন
আগুনে পোড়া একটি মারাত্মক দুর্ঘটনা। সম্প্রতি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিটের মতো দুর্ঘটনায় শরীরে আগুন লাগা বা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্ঘটনার পর দ্রুত ও সঠিক পদক্ষেপ না নিলে শরীরের মারাত্বক ক্ষতি হতে পারে। দুর্ঘটনার পরপরই যেসব কাজ করা জরুরি, তা না জানার কারণে অনেক সময় ক্ষতির মাত্রা বেড়ে যায়।
চিকিৎসকরা বলছেন, আগুনে শরীর পুড়ে গেলে আতঙ্কিত না হয়ে নিচের প্রাথমিক করণীয়গুলো অনুসরণ করলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব।
প্রাথমিকভাবে যা করবেন:
১. আগুন নিভিয়ে ফেলুন
দেহে আগুন লাগলে প্রথমেই দ্রুত আগুন নিভিয়ে ফেলুন। "স্টপ, ড্রপ অ্যান্ড রোল" — এই তিনটি ধাপ অনুসরণ করুন:
২. ঠাণ্ডা পানি দিন
পোড়া স্থানে অন্তত ১৫-২০ মিনিট ঠাণ্ডা (বরফ নয়) পানি ঢালুন। এতে ব্যথা কমবে এবং ক্ষত কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে খুব বরফ ঠাণ্ডা পানি ব্যবহার না করাই ভালো।
৩. পোড়া কাপড় সরানো যাবে না
পোড়া জায়গায় কাপড় লেগে গেলে জোর করে টেনে তোলার চেষ্টা করবেন না। এতে চামড়া উঠে গিয়ে ক্ষতি বাড়তে পারে। বরং কাপড়টি যেখানে আটকে গেছে, সেটুকু অংশ কেটে ফেলুন।
৪. পোড়া স্থানে কিছু লাগাবেন না
প্রথম ধাপের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই পোড়া জায়গায় ডিম, মাখন, পাউডার, টুথপেস্ট, তেল বা মলম লাগাবেন না। এগুলো ইনফেকশন ও জটিলতা বাড়াতে পারে।
৫. ঢেকে দিন পরিষ্কার কাপড়ে
পোড়া অংশ পরিষ্কার, জীবাণুমুক্ত কাপড় দিয়ে হালকাভাবে ঢেকে দিন। চাপ দেবেন না।
৬. চিকিৎসা কেন্দ্রে যান
দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হোন। শ্বাসকষ্ট, জ্বর, ফোসকা, চামড়া ঝরে পড়া বা রক্তপাত হলে দেরি না করে বার্ন ইউনিটে যান।
বিশেষ সতর্কতা
চিকিৎসকরা বলেন, শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে বার্ন ইনজুরি আরও ঝুঁকিপূর্ণ। তাই বাড়িতে আগুন বা গরম জিনিসের কাছাকাছি তাদের একা রাখবেন না। রান্নার সময় ঢিলেঢালা পোশাক পরাও বিপজ্জনক।