লাইফস্টাইল
মন যা চায় তাই খাওয়ার দিন আজ
৬ মে—ডায়েটের কড়াকড়ি থেকে একদিনের বিরতি নেওয়ার দিন। আজ পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে, যে দিনটি মানুষকে মনে করিয়ে দেয় খাবার ও শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব।
বর্তমান সময়ে ফিটনেস সচেতনতা বাড়লেও অনেকেই কঠোর খাদ্যনিয়ম মেনে চলতে গিয়ে মানসিক ও শারীরিক চাপে পড়েন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক সময় উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই দিনটি মানুষকে নিজের পছন্দের খাবার উপভোগ করার পাশাপাশি শরীরকে ভালোবাসার বার্তা দেয়।
১৯৯২ সালে ব্রিটিশ অধিকারকর্মী মেরি ইভান্স ইয়াং এই দিনের সূচনা করেন। খাদ্যজনিত সমস্যার সঙ্গে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, শরীর নিয়ে অযথা উদ্বেগ মানুষকে অসুস্থ করে তুলতে পারে।
দিনটি শুধু ইচ্ছামতো খাওয়ার আনন্দেই সীমাবদ্ধ নয়; বরং এটি শরীর-সচেতনতার এক ভিন্ন বার্তা দেয়—নিজেকে ছোট না করে, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া। অনেকেই ওজন বা গড়ন নিয়ে উদ্বিগ্ন থাকেন, যা মানসিক চাপ বাড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থতার জন্য সুষম খাদ্য যেমন জরুরি, তেমনি প্রয়োজন খাবারের সঙ্গে একটি স্বাভাবিক ও আনন্দময় সম্পর্ক গড়ে তোলা। তাই বছরের এই একটি দিন স্মরণ করিয়ে দেয়—খাবার যেন ভয়ের নয়, বরং আনন্দের অংশ হয়।
আজকের দিনে তাই একটু ব্যতিক্রমী হোক অভ্যাস—প্রিয় খাবার উপভোগ করুন, নিজেকে গ্রহণ করুন, আর অতিরিক্ত নিয়মের চাপ থেকে কিছুটা মুক্ত থাকুন।