গণমাধ্যম

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও আইনবিরোধী ঘটনা। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

তারা আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস না পায়।”

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জে সাংবাদিকদের বহনকারী একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের গাড়িতে হামলা চালানো হয়। হামলায় যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স মনে করে, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের সহিংসতা শুধু সাংবাদিকদের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং জনগণের তথ্য জানার অধিকারকেও হুমকির মুখে ফেলে।

অ্যালায়েন্স এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসঙ্গে গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমান উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে হবে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না।”