জাতীয়
নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার
দেশে চলমান অবরোধে সহিংসতা সৃষ্টি করে যারা নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময়ে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।
বিএনপি ও তাদের সমমনা দলের ডাকা দ্বিতীয় দফা অবরোধে চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নিয়মিত টহলে আছে র্যাব ও বিজিবি।
রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র্যাবের ৪৬০টি টহল টিমও।
এদিকে অবরোধে যেন সহিংসতা না হয় সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও।