জাতীয়

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:১০ পিএম

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের প্রতীক হিসেবে আর থাকছে না দেশের জাতীয় প্রতীক ‘শাপলা ফুল’। নির্বাচন কমিশন (ইসি) নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, শাপলাকে নির্বাচনী প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হবে।

বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত প্রতীকের তালিকা থেকে শাপলা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন একমত হয়েছে।

এরইমধ্যে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক হিসেবে ‘কেটলি’র বদলে ‘শাপলা’ দাবি করেছিল। একইভাবে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় নিবন্ধনের সময় শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। তবে এই সিদ্ধান্তের ফলে তাদের সে দাবি পূরণ হচ্ছে না।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন নির্বাচনী প্রতীকের সংখ্যা বাড়াতে যাচ্ছে। বর্তমানে ৬৯টি প্রতীক থাকলেও নতুন তালিকায় সেটি ১১৫ পর্যন্ত বাড়তে পারে। সেই তালিকা খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য।

জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার কারণেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার ক্ষেত্রে সংবিধানে এবং বিদ্যমান আইনে স্পষ্ট বিধান রয়েছে। শাপলা জাতীয় প্রতীকের অংশ হওয়ায় তার মর্যাদা রক্ষার্থে নির্বাচন প্রতীক হিসেবে রাখা সঠিক নয়। তাই আমরা নীতিগতভাবে শাপলাকে বাদ দিয়েছি।”

তিনি আরও বলেন, “জাতীয় প্রতীক হিসেবে শাপলা ফুল পানির ওপর ভাসমান অবস্থায় দুটি ধানের শীষের মাঝে রয়েছে। এটি জাতীয় মর্যাদার প্রতীক। এর ব্যবহার সীমাবদ্ধ হওয়াই উচিত। আগেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, এবার আমরা সেটাই অনুসরণ করছি।”