জাতীয়

কক্সবাজারে আরও দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে: জাতিসংঘ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

কক্সবাজারে আরও দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

গত ১৮ মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও দমন-পীড়নের কারণে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ২০১৭ সালে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এবারই সবচেয়ে বড় অনুপ্রবেশ ঘটেছে। নতুন করে যারা এসেছেন, তাঁদের বেশিরভাগই নারী ও শিশু। অনেকে প্রাণ বাঁচাতে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, এখন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় এক লাখ ২১ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। তবে এখনও অনেকেই রয়েছেন, যাদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অথচ তাঁরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেই বসবাস করছেন।

মাত্র ২৪ বর্গকিলোমিটারের মধ্যে গড়ে ওঠা এসব ক্যাম্পে প্রায় ১০ লাখ রোহিঙ্গা গাদাগাদি করে জীবনযাপন করছে। এর ফলে কক্সবাজার বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে। নতুন অনুপ্রবেশ সেই সংকটকে আরও তীব্র করেছে।

দাতাগোষ্ঠীর আর্থিক সহায়তা সংকটে পড়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই অব্যাহত চাপের ফলে রোহিঙ্গা ক্যাম্পে গুরুত্বপূর্ণ মানবিক সেবা ব্যাহত হচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তাও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া প্রায় আড়াই লাখ শিশু পড়াশোনার সুযোগ হারাতে পারে।

সংস্থাটি বলছে, রোহিঙ্গাদের মধ্যে এখন দিন দিন হতাশা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকে আর বসে নেই—তারা আবারও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি দিতে শুরু করেছেন।

এই পরিস্থিতিতে ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, রাখাইনে স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত যেন রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা চালু রাখা হয়।