জাতীয়
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ সরকার
যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি নতুন উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ।
রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, “বোয়িং কোম্পানি সরকারের অধীনে নয়, তারা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। এর আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন নতুন করে আরও ১১টি যুক্ত করা হয়েছে। শুল্ক ঘাটতি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
সচিব জানান, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে। ফলে পুরো অর্ডার বাস্তবায়নে বেশ সময় লাগবে।
তিনি আরও বলেন, “আমরা ২৩ জুলাই আমাদের অবস্থানপত্র যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি। আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে ইউএসটিআর অফিসে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার প্রতিনিধিও উপস্থিত থাকবেন। আমি নিজেও সেখানে অংশ নেবো।”
সয়াবিন ও তুলা আমদানির বিষয়েও আলোচনা হবে বলে জানান মাহবুবুর রহমান। তিনি বলেন, “সয়াবিন আমদানিতে বেসরকারি খাত যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসছে। আশা করছি, একটি ভালো সমঝোতা হবে।”
তুলা আমদানির প্রসঙ্গে তিনি জানান, “তিন বছর আগে আমরা ১.৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম। এখন সেটা কমে গেছে। যদি আবার আগের অবস্থানে যাওয়া যায়, তাহলে শুল্ক ঘাটতির প্রায় ১ বিলিয়ন ডলার পূরণ হবে।”