জাতীয়

১ হাজার ৭৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩১ জনের নামে মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

১ হাজার ৭৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩১ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত

ভুয়া প্রতিষ্ঠান ও জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক ঋণের নামে ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা ঋণ গ্রহণ করেন, যা সুদসহ দাঁড়ায় প্রায় ১ হাজার ২৮১ কোটি ৪৫ লাখ টাকায়। এই বিপুল অঙ্কের অর্থ পরে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর ও আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক বলছে, ভুয়া বিনিয়োগ ও ঋণ প্রস্তাব তৈরি করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন, সীমা বৃদ্ধি এবং তহবিল সরিয়ে ফেলায় জড়িত সবাইকে অভিযুক্ত করে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এস আলম গ্রুপ দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দেশ-বিদেশে ঋণ জালিয়াতি ও অর্থপাচার সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে।