জাতীয়

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধে দুদকের চিঠি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধে দুদকের চিঠি
শেখ হাসিনা ও সজীব ওয়েজেদ জয়। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি প্রেরণ করেন।

দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করার জন্য আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ প্রেক্ষাপটে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে রেড অ্যালার্ট জারি করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক তিন মামলার শুনানি অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলার জব্দতালিকাভুক্ত ৪৪টি নথি আদালতে উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।