জাতীয়
জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ
জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।
এতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। সম্মেলন নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের প্রধান উপদেষ্টা ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়গুলোতে।
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত।
সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করার আশা করছে।