জাতীয়
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষকদের দাবি–দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ও অন্যান্য বিষয় নিয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। আমরা বিশ্বাস করি, নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে আগামী বছর একটি আরও গ্রহণযোগ্য ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তাদের দাবি–দাওয়া আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি জানান, শিক্ষকদের বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
রেহানা পারভীন বলেন, “অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারপরও আমরা বসে নেই—রাতদিন এই বিষয়ে কাজ করছি। আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুতই একটি বাস্তবসম্মত ও ইতিবাচক সমাধান আসবে।”
তিনি আরও বলেন, “লামছাম বরাদ্দ থেকে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এটি একটি উত্তরণের প্রক্রিয়া। আগামী জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের স্বার্থরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলেই আমরা আশাবাদী।”
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারের আন্তরিক প্রচেষ্টার বাস্তব রূপ দেখতে কিছুটা সময় লাগবে। তবে শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।