জাতীয়

দাবি আদায়ে শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

দাবি আদায়ে শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছেন তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার সকাল থেকেই এই কর্মসূচি চলছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। তাদের অভিযোগ, বাড়িভাড়া ভাতা মূল বেতনের মাত্র ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত ও অগ্রহণযোগ্য।

শিক্ষক ও কর্মচারীদের তিন দফা দাবি হলো

১️. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা,
২️. চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা,
৩️. উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশে উন্নীত করা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা সেটিকে অপর্যাপ্ত ও অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেন এবং কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

পরে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। তবে তাতেও সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনকারীরা।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি বাধাগ্রস্ত হয়। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশে মিছিল শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির সদস্যদের বাধার মুখে পড়েন তারা। পরে বিকেল পৌনে ৫টার দিকে শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।

সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু পিছিয়ে যাব না।”

শহীদ মিনারে এখন টানা অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারী।