জাতীয়
ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের তথ্য জানালেন আসিফ মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টার নীরবতা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পাদিত ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই এসব প্রকল্প ও চুক্তি পুনর্বিবেচনার কাজ শুরু হয়। পর্যালোচনা শেষে দেশের স্বার্থ বিবেচনা করে চুক্তিগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। সোমবার (২০ অক্টোবর) তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, “আজ এ বিষয়ে আমি কোনো কথা বলব না।”
আসিফ মাহমুদের পোস্ট অনুযায়ী, যে ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে, সেগুলো হলো—
- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প
- অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ
- আশুগঞ্জ-আগরতলা করিডর প্রকল্প
- ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প
- বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি
- ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব
- সিলেট-শিলচর সংযোগ প্রকল্প
- পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড)
- ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট সরবরাহ চুক্তি
চুক্তিগুলো বাতিলের এ সিদ্ধান্তকে দেশের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তবে সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।
কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত থাকবে।