জাতীয়
প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত হোসেন
রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতি সচল রাখছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে বিআইআইএসএস’র অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, 'প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে, এবং সেসব দেশের নেতারাও এটা স্বীকার করে।'
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হবে। 'প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখেই এগোতে হবে।'
মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, 'রোহিঙ্গা সংকটে আমরা ভুল করেছি। এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি, যারা রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় না।'
সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। তবে মিয়ানমারের তিনটি শক্তির মধ্যে আরাকান আর্মিই রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ঘৃণা করে।'
তিনি আরও বলেন, 'পাকিস্তান আমাদের চেয়ে অন্তত ২৫-৩০ বছর এগিয়ে আছে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে।'
সেমিনারে বক্তারা রোহিঙ্গা ইস্যু, মিয়ানমারের ভূরাজনীতি, প্রবাসীদের অবদান এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।