জাতীয়

গণভোটের তারিখ দ্রুতই জানাবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

গণভোটের তারিখ দ্রুতই জানাবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা- এমন ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বে আমরা সবাই কাজ করব। আমরা কেবল সহায়তার ভূমিকায় থাকব। সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা পক্ষ নেবে না- এটা জনগণ নিশ্চিত থাকতে পারেন। খুব দ্রুতই গণভোটের তারিখ ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এখন তীব্রতম পর্যায়ে পৌঁছেছে। ২৭০ দিন আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে বিভাজন তৈরি হওয়াটা হতাশাজনক। এই অবস্থায় সমঝোতা দলিল বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

এর আগে গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। সেখানে সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়। প্রস্তাবে বলা হয়, গণভোট জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হতে পারে।

গণভোটের সময়সূচি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিরোধ দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী দাবি করছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং এর ফলাফল অনুযায়ী নির্বাচনের আইনি কাঠামো নির্ধারণ করতে হবে। অন্যদিকে বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট করতে হবে, এর বাইরে কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। দলের অভিযোগ, তারা যে সনদে স্বাক্ষর করেছিল, তার বাইরে অনেক বিষয় যুক্ত করা হয়েছে যা রাজনৈতিক ঐকমত্যের পরিপন্থী।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গণভোটের সিদ্ধান্ত এখন পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধান উপদেষ্টা খুব শিগগিরই একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেবেন বলে আমরা আশা করছি।”