জাতীয়

জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগে ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম

জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগে ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে ঘিরে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া কয়েকজন জেলার ডিসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, যোগ্যতার অসঙ্গতি ও প্রশাসনিক নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে তদন্তের আবেদন জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়। আবেদনে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও সেই নিয়োগ প্রক্রিয়া, যাচাই–বাছাই এবং দক্ষতার মূল্যায়ন নিয়ে প্রশাসনের ভেতর ও বাইরে নানা প্রশ্ন উঠেছে।

সংগঠনের দাবি, নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা সরাসরি একটি রাজনৈতিক দলের সুবিধাভোগী হিসেবে পরিচিত, যার ফলে তাদের নিয়োগ নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন তৈরি হয়েছে। এছাড়া কারও পূর্ববর্তী কর্মদক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা ও নৈতিকতা নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। কেউ কেউ অতীতে প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করে সংগঠনটি। আবার কয়েকজন কর্মকর্তা জেলা প্রশাসক-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতায় পিছিয়ে আছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
আবেদনকারীরা বলেন, প্রশাসনের নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে এসব নিয়োগকে পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা জরুরি। এজন্য সদ্য সম্পন্ন নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আবেদনে বিশেষভাবে ১১ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—

- গাজীপুরের জেলা প্রশাসক আজাদ জাহান

- মাদারীপুরের জেলা প্রশাসক আফসানা বিলকিস

- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

-মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

- চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম

- ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

-নোয়াখালীর জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

- বরগুনার জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ

- সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

- মেহেরপুরের জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার

- ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম

সংগঠনটির মতে, এই ১১ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করা হলে প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনগণের আস্থা বজায় রাখতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে।