জাতীয়

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ ডিএনসিসির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ ডিএনসিসির
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তর অংশে অবৈধভাবে ঝুলানো ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ সব ধরনের বিজ্ঞাপন সামগ্রী আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, বাড়ির ছাদে বা দেওয়ালে এলইডি বিলবোর্ডসহ নানা প্রচার সামগ্রী স্থাপন করেছে। এগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে এসব অবৈধ ব্যানার–পোস্টার–বিলবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে সিটি করপোরেশন নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

ডিএনসিসি সতর্ক করে জানিয়েছে, সময়সীমা অতিক্রম হলে উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।