জাতীয়
প্রত্যর্পণের শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, জুলাই মাসের ঘটনাবলীর মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে। তার দাবি, সম্ভাব্য প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হতে পারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, জুলাইয়ের ঘটনার অভিযোগে যেসব ব্যক্তি অভিযুক্ত-তাদের একদিন আদালতের মুখোমুখি করতেই হবে। ভারত ইতোমধ্যে হাসিনা সংক্রান্ত অনুরোধ পরীক্ষা করছে।
স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, তাঁর ধারণা অনুযায়ী, বিভিন্ন অভিযোগে দায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্রুতই আইনি প্রক্রিয়ার আওতায় আসতে পারেন। তিনি দাবি করেন, গত ১৬ বছরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গুমসহ নানা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলের মনোযোগ বাড়ছে, এবং সেই আলোচনাতেই কামালের ভূমিকা প্রাধান্য পাচ্ছে।
প্রেস সচিব আরও লিখেন, যতই প্রভাব ও অর্থব্যয় করা হোক, দায় এড়ানো চিরদিন সম্ভব নয়। জাতি হিসেবে যদি জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকা যায়, তাহলে দায়িত্বশীলদের পক্ষে পরিণতি এড়ানো কঠিন হবে।
তিনি ধারণা প্রকাশ করেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার সম্ভাব্য সূচনা হতে পারে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এরপর অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া এগিয়ে যেতে পারে।