জাতীয়
চাচাকে বাবা সাজিয়ে বিসিএস ক্যাডার, সেই কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের চাচাকে বাবা হিসেবে দেখিয়ে বিসিএস ক্যাডার হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেন ও তার পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন- কামাল হোসেন, তার বাবা আবুল কাশেম, মা হাবীয়া খাতুন, চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি সানোয়ার খাতুন (শাহানারা খাতুন হিসাবে পরিচিত)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, উপ-সহপরিচালক মনজুরুল ইসলাম মিন্টুর করা আবেদনের ভিত্তিতে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা অনুমোদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এবং বিভিন্ন সুবিধা পেতে জালিয়াতির মাধ্যমে তার চাচাকে নিজের বাবা এবং চাচিকে মা হিসেবে দেখান। এসব তথ্য ব্যবহার করেই তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। বিষয়টি উদঘাটনের পর গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক আরও জানায়, মামলার অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন- এমন আশঙ্কা থেকেই তদন্তের স্বার্থে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন হয়ে পড়ে।