জাতীয়
তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কার কারণ নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বড়দিনে সড়ক অবরোধ করে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ মামলার প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে অভিযানের স্বার্থে নির্দিষ্ট স্থান প্রকাশ করা হচ্ছে না।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও নেপথ্য শক্তিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে নিজের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।”