জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্কও স্বাভাবিক রাখতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য ও রাজনীতিকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। তার ভাষায়, “অর্থনীতির ক্ষেত্রে ট্রেড আর রাজনীতি এক নয়। কূটনৈতিক অনেক বিষয় থাকে। উদাহরণ হিসেবে বলি—ভারত থেকে চাল না এনে যদি ভিয়েতনাম থেকে আনতে হয়, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ পড়বে।”

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে—এমনটা নয়। তবে সরকার চায় এই সম্পর্ক কোনোভাবেই যেন অস্বাভাবিক পর্যায়ে না যায়।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টাও ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে নিয়মিত উদ্যোগ নিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই বৈরী বা তিক্ত সম্পর্ক চায় না।