জাতীয়

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেছেন। শপথ গ্রহণের পর থেকে এ নিয়োগ কার্যকর হবে।’

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি এ পদে শপথ গ্রহণ করেন।