জাতীয়

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অপরিহার্য: ইসি সানাউল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অপরিহার্য: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের প্রায় ১৫ শতাংশ এবং গুলির প্রায় ৩০ শতাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এসব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা ঠেকাতে সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন। এ লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্প ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সিল করার পরিকল্পনা রয়েছে, যাতে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করতে না পারে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে সারা দেশে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের কথা তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, এক এলাকার সন্ত্রাসীরা যেন অন্য এলাকায় গিয়ে নিরাপদ আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে সমন্বিত অভিযান চালিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বাচন-পূর্ব সময়েই অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব হবে এবং ভোটাররা একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।