জাতীয়

তফসিলের পর সচিবালয়ে নীরবতা, নিয়মিত কাজেও স্থবিরতার ছাপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

তফসিলের পর সচিবালয়ে নীরবতা, নিয়মিত কাজেও স্থবিরতার ছাপ
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আর আগের সেই সরগরম পরিবেশ নেই। একসময় যেখানে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে মুখর থাকত সচিবালয়, সেখানে এখন চোখে পড়ছে নীরবতা ও কর্মচাঞ্চল্যের ঘাটতি। নিয়মিত দাপ্তরিক কাজেও স্পষ্টভাবে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।

তফসিল ঘোষণার পর প্রশাসনে রদবদল কার্যত বন্ধ থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে তদবির কিংবা দর্শনার্থীর ভিড় নেই বললেই চলে। আগে ডাক্তার, পুলিশ, শিক্ষা ও কৃষি ক্যাডারসহ বিভিন্ন সার্ভিসের কর্মকর্তাদের বদলি, পদায়ন কিংবা পদোন্নতি সংক্রান্ত তদবির নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা লেগে থাকত। এখন সেই দৃশ্য পুরোপুরি উধাও।

নিয়মিত কাজের বাইরে বাড়তি কোনো চাপ না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও এক ধরনের ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই দাপ্তরিক কাজের পাশাপাশি নির্বাচনসংক্রান্ত খবরাখবর ও রাজনৈতিক পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। নির্বাচিত সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন তারা। সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলছেন, পুরো প্রশাসনিক পরিবেশ এখন যেন ‘প্রাণহীন’ হয়ে পড়েছে।

রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা নির্বাচনি প্রচার ও সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় প্রশাসনপাড়ায় তাদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে একসময় সচিবালয়ের ভেতরে অতিরিক্ত গাড়ির চাপ ও যানজটের যে চিত্র দেখা যেত, তা এখন আর চোখে পড়ে না।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে সচিবালয়ে নতুন করে ব্যস্ততা তৈরি হয়। তখন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি এবং অতিরিক্ত গাড়ির চাপে সচিবালয়ের ভেতর প্রায়ই যানজট সৃষ্টি হতো। নানা প্রশাসনিক সিদ্ধান্ত ও রদবদল ঘিরে মন্ত্রণালয়গুলোতে ছিল তুমুল কর্মচাঞ্চল্য।

তবে তফসিল ঘোষণার পর গত মাস থেকেই সচিবালয়ের নিত্যদিনের কাজে ভাটার দৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে সেই চিত্র আরও প্রকট। বাদামতলায় কথা হলে একাধিক প্রশাসনিক কর্মকর্তা জানান, এই মুহূর্তে প্রায় সব মন্ত্রণালয়ের কাজের গতি কমে গেছে। নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে কাজ চলছে ঢিলেঢালাভাবে।

সব মিলিয়ে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনের মনোযোগ এখন ভবিষ্যৎ সরকারের দিকে। ফলে সচিবালয়ের করিডোরে কর্মব্যস্ততার বদলে বিরাজ করছে অপেক্ষা আর নীরবতা।