জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ
ছবি: সংগৃহীত

স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফটোকার্ডটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

প্রকাশিত ফটোকার্ডে লেখা রয়েছে— “স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য ‘হ্যাঁ’তে সিল দিন।” এই বার্তার মাধ্যমে নাগরিকদের গণভোটে সক্রিয় অংশগ্রহণের প্রতি উৎসাহিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোট-২০২৬ উপলক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। এসব ফটোকার্ডের মাধ্যমে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং নাগরিক দায়িত্ব তুলে ধরা হচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এর আগে গত রোববার গণভোট-২০২৬ উপলক্ষে প্রথম ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল।

এদিকে গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা ও সক্রিয় অংশগ্রহণের পরিবেশ তৈরি করা যায়।

সূত্র: বাসস