জাতীয়

আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না-সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এ শুনানি শুরু হবে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের শুনানির মধ্য দিয়েই মনোনয়নসংক্রান্ত সব আপিল নিষ্পত্তি করা হবে।

এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে কমিশন মোট ১১২টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল ২টি আবেদন।

অন্যদিকে, মোট ৩৭টি আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন ছিল। এ ছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ১৯টি আপিল আবেদন কমিশন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রেখেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজকের শুনানিতে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত বিতর্কিত বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে। ফলে যেসব প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই শুনানির মাধ্যমে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।