জাতীয়

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, চলমান অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়।

দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজের মাধ্যমে কমিশন গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর মাস থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসে। বর্তমানে এসব অভিযোগ তদন্তাধীন থাকায় আদালতের আদেশে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।