জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি সরকারি বাসা: গণপূর্ত উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি সরকারি বাসা: গণপূর্ত উপদেষ্টা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসভবনসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মোট ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান জানান, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে-এমন প্রস্তুতি ধরেই সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে।

শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যরা যেন দায়িত্ব পালনে কোনো ধরনের অসুবিধায় না পড়েন, সে লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদফতরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে যানবাহন প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন প্রায়।

রোববার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদফতরের মিলনায়তনে গিয়ে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছিলেন, সেগুলোর পাশাপাশি অধিদফতরের নিজস্ব বহরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন ইতোমধ্যে তাদের ব্যবহৃত সরকারি গাড়ি অধিদফতরে জমা দিয়েছেন।

সূত্র আরও জানায়, সাধারণত যতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেবেন, তার চেয়েও কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে সংখ্যক গাড়ির চাহিদা জানানো হয়েছে, সে অনুযায়ীই সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও গাড়ি ও সরকারি বাসা প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে, তবে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে কৌতূহল ও আলোচনা তুঙ্গে রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই যুগ পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি।

বিএনপি আগেই ঘোষণা দিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব প্রস্তুতি শেষে এখন শুধু শপথ ও মন্ত্রিসভা ঘোষণার অপেক্ষা।