জাতীয়
নিরাপত্তা জোরদারে সংসদ লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া
জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া। নবনির্বাচিত সংসদের সদস্যদের (এমপি) শপথগ্রহণের পর এ উদ্যোগ নেয়া হয়েছে। সংসদের এমপি হোস্টেলের পেছনের উত্তর পাশের লেকের পানিতে বসানো হচ্ছে এই বেড়া।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজন কর্মচারী এ কাজে নিয়োজিত রয়েছেন। তবে কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মুলত যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধ এবং সংসদ এলাকার সামগ্রিক নিরাপত্তা আরও জোরদার করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। কাজটি সম্পন্ন হলে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। যতটুকু বুঝতে পারছি, হয়তো সংসদ এলাকায় যে কোনো ধরনের ঝুঁকি ও বাড়তি নিরাপত্তার জন্য সংসদ কর্তৃপক্ষ এটা করাচ্ছে।