জাতীয়

রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য-দুধ, ডিম, মাংস ও মাছ- সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, এতে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবে, অন্যদিকে বাজারে মূল্য নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।

আজ সকালে রাজধানীর মহাখালিতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান–এর সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান–এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার সরকার করেছে, তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, যার ফলে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ে। সরকারের এই উদ্যোগ তাদের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের কোনো বিকল্প নেই।

বক্তব্যে বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থেকে নিজে কষ্ট ভোগ করলেও অন্যায়ের কাছে মাথানত করেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতর–এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল–এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।