জাতীয়
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা
নির্বাচন কমিশন জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।
সব প্রস্তুতি শেষে নির্ধারিত তারিখেই দুই আসনের উপনির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।