জাতীয়
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতের রমানাথ পূজারি
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিআইএফপিসিএল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে তিনি রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে এমএসটিপিপিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশগত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
উল্লেখ্য, রমানাথ পূজারি ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালে এনটিপিসি লিমিটেডে যোগ দেন।