জাতীয়

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও উল্লেখযোগ্য কোনো অবনতি নেই বলে তিনি দাবি করেন।

শুক্রবার সকালে কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা রক্ষা করা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, তা যথাযথভাবে অনুসরণ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই এমন কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। শৃঙ্খলা ও সততার মধ্য দিয়েই রাজনীতি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করতে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, সকল মানুষের সম-অধিকার ও সাম্য বজায় রাখা, সম্পদের সুষম বণ্টন এবং নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। এসব উদ্যোগের বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।