জাতীয়

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
ছবি: সংগৃহীত

দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার চালু করা হয়।

প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করে সরকার।

এবছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান

২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ

৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ

৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি

৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা

৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য

৭. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি

৮. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি

৯. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া

১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন

১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা

১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা

১৩. মো. সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা

১৪. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা

১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা

১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন

১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ

১৮. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ

১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ

২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার এই পুরস্কার প্রদান করে। সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা দেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠী এ সম্মাননার জন্য মনোনীত হন।

শুধু ব্যক্তি নয়, জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকেও এই পুরস্কার প্রদান করা হয়।