জাতীয়
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সম্মাননা পান বেগম খালেদা জিয়া।
এ ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া অদম্য ও অবিচল থেকেছেন এবং তিনি নারীদের জন্য সাহস ও নেতৃত্বের এক অনুপ্রেরণার নাম।