জাতীয়
ঈদযাত্রায় কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট করে বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম, অপরাধ বা যাত্রী হয়রানির সঙ্গে কোনো আপস করা হবে না।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই বার্তা দেন। আইজিপি জানান, সারা দেশে পুলিশের সব ইউনিটকে ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা যায়।
তিনি বলেন, ঈদের সময় সড়কে দীর্ঘ যানজট ও দুর্ভোগ কমাতে এবার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যাত্রী হয়রানি রোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে সরকারের উচ্চপর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি পুলিশের প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে।
যেসব স্থানে নিয়মিত যানজট তৈরি হয়, বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের সহযোগিতায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের কথাও তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মাদকসেবীদের দমন করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মুহূর্তে পুলিশের প্রধান অগ্রাধিকার।
ঢাকার অভ্যন্তরে অবৈধ দূরপাল্লার বাস কাউন্টার নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, নগরের ভেতরে এসব কাউন্টার পরিচালনা করতে দেওয়া হবে না এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণই দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি। একই সঙ্গে তিনি যাত্রীদেরও আইন সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন এবং কোনো অনিয়ম দেখলে অভিযোগ জানাতে উৎসাহিত করেন।
পরিদর্শনকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, পুলিশের এ ধরনের সক্রিয়তা ঈদযাত্রায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি বাড়াবে।