জাতীয়
সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর, সময়মতো উপস্থিতি নিশ্চিতে তদারকি
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রী প্রথমে নিজ কার্যালয়ের নিচে নেমে সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরের কাজের পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও ধারণা নেন তিনি।
এরপর সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি কৃষক কার্ডের ডেমো প্রদর্শনী সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই ঝটিকা সফরের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর কর্মসংস্কৃতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।