জাতীয়
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এরপর অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট, বর্তমান সরকারের মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রীরও প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে মোট বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
আসন্ন অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।
এদিকে প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও সহায়তা থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।