জাতীয়

সংসদে যারা আছেন কেউ ঋণ খেলাপি না, ঋণগ্রস্ত হতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৪ পিএম

সংসদে যারা আছেন কেউ ঋণ খেলাপি না, ঋণগ্রস্ত হতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সংসদে কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেউ ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে বিবেচিত নন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান আইন অনুযায়ী—যেমন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার’সহ অন্যান্য বিধিমালায়—কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হন এবং সংসদ সদস্য পদে মনোনয়নও দিতে পারেন না।

তিনি আরও বলেন, কেউ সংসদে নির্বাচিত হয়ে আসার অর্থ হলো তিনি আইনের দৃষ্টিতে ঋণখেলাপি নন। কেউ যদি দাবি করেন যে বর্তমান সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, তা আইনগত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠানের মামলা ছিল, সেগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে। আদালতের নিষ্পত্তির পর তারা আর ঋণখেলাপি হিসেবে বিবেচিত থাকেন না এবং বৈধ প্রার্থী হিসেবেই নির্বাচিত হয়েছেন। তাই সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা সঠিক নয় এবং এটি মানহানিকর।

অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপিদের বিষয়ে কথা বলেছেন এবং তার দাবি অনুযায়ী, সংসদের কিছু সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তবে তিনি সম্মানের কথা বিবেচনায় এনে কারও নাম প্রকাশ করেননি।

তিনি আরও বলেন, যদি সংসদে একাধিক ঋণখেলাপি থাকেন, তাহলে সাধারণ মানুষ সেটিকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলতেই পারে।